এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে যুবদল নেতা বিপুল হাসান (৩২)কে মারপিটের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম লোহার রড দিয়ে পিটিয়ে বিপুল হাসানের ডান হাতের কব্জি ভেঙে দেন। আহত বিপুল হাসান বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চাঁন্দারপাড়া মোড় এলাকার সরকারি পাকা রাস্তায়।
স্থানীয়রা জানান, সেদিন সকালে উপজেলা যুবদল নেতা সাইদুজ্জামান নোমান ও বিপুল হাসান একটি অটোভ্যানে করে ধুনট বাজারে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম, রকিব উদ্দিন ওরফে রব্বানী এবং লিটন রানা পূর্বপরিকল্পিতভাবে চাঁন্দারপাড়া মোড়ে অবস্থান নেন। যুবদল নেতারা সেখানে পৌঁছালে তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এতে প্রতিবাদ জানালে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে বিপুল হাসানের ওপর হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি ভেঙে দেন।
এ ঘটনায় আহত বিপুল হাসান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ধুনট থানায় আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলামসহ তিনজনের নামে একটি এজাহার দায়ের করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “ঘটনার বিষয়ে একটি এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























