শেরপুর নিউজ ডেস্ক: ২০২৫ সালের ব্যালন ডি’অর উঠেছে উসমান দেম্বেলের হাতে। ফ্রান্সের এই তারকার পুরস্কার জয়ের মুহূর্তে, তার সাবেক সতীর্থ নেইমার শুয়ে ছিলেন বিছানায়। চিকিৎসা নিচ্ছেন বছরের তৃতীয় ইনজুরির কবলে পড়ে। তবে শুয়ে থেকেও অনলাইন পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে রানার্সআপ হয়ে প্রায় ৭৩ হাজার ৮০০ পাউন্ড জিতেছেন! তবে এ সান্ত্বনা ক্ষণিকের।
কারণ, দেম্বেলের হাতে উঠেছে সেই ব্যালন ডি’অর, যা জেতার স্বপ্ন নেইমার দেখেছেন বহু বছর ধরে।
ব্রাজিলিয়ান মহাতারকা নেইমারের যে শেষ সময়ে চলে এসেছে তা বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। ইউরোপ ছেড়ে সৌদি ক্লাবে গিয়েছিলেন আরো আগেই, সেখানেও পড়ে ইনজুরির থাবা। এরপর গত জানুয়ারিতে ১২ বছর পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছিলেন নেইমার।
উদ্দেশ্য ছিল নিজের ছন্দ ফিরে পাওয়া, খেলার প্রতি আগ্রহ জাগানো—যা হারিয়ে গিয়েছিল আল হিলালে ব্যর্থ অধ্যায়ের পর।
কিন্তু বাস্তবতা একেবারেই অন্যরকম। প্রত্যাবর্তনের পর থেকেই অতি পরিচিত সেই ইনজুরির ছোবলে জর্জরিত নেইমার—এই মৌসুমে সান্তোসের ৪৭ শতাংশ ম্যাচেই তিনি অনুপস্থিত। আর যখন খেলেছেন, তখনও তিনি আর আগের মতো ভয়ঙ্কর নন।
সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপে নিচের সারির ক্লাবগুলোর বিপক্ষে করা কয়েকটি গোল ও অ্যাসিস্টই তাঁর একমাত্র উজ্জ্বলতা। ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকার লড়াইয়ে থাকা সান্তোসের জন্য তিনি এখন যেন অতীতের ছায়া মাত্র। এতেই অনিশ্চিত হয়ে পড়ে নেইমারের ২০২৬ বিশ্বকাপ।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি গত বুধবার ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের দল। তাতে নেই নেইমারের নাম।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

















