বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেছেন, ‘শুধু উন্নয়ন করলেই হবে না, উন্নয়ন হতে হবে দুর্নীতিমুক্ত। ১০ টাকার প্রকল্পে ৫ থেকে ৮ টাকা চুরি হওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রকৃত উন্নয়ন হবে, কোনো লুটপাট নয়।’
রবিবার (৮ নভেম্বর) বগুড়ার শেরপুরে জেলা পরিষদের ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন সকাল সাড়ে ১১ টার দিকে শেরপুরে তিনি ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার ৭৮২ টাকা।
এ সময় এমপি গোলাম মো. সিরাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। তার কাজের গতির সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাঁচ বছরের সময়কে পাঁচ মাস মনে করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।
প্রশাসন ও জনগণের সম্পর্কের বিষয়ে সিরাজ বলেন, আগে সাধারণ মানুষের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে যাওয়া কঠিন ছিল। এখন প্রশাসনের কর্মকর্তারা মানুষের সঙ্গে মিশছেন এবং তাঁদের সুখ-দুঃখের কথা শুনছেন। প্রশাসন ও জনগণের মধ্যে এই সম্পর্ক আরও আন্তরিক করতে হবে।
জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, শেরপুর, গাবতলী ও বগুড়া সদরে জামায়াতের শক্ত ভোটব্যাংক রয়েছে। তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মেধা, বুদ্ধি ও কৌশল দিয়ে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে হবে।
শেরপুর পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে সিরাজ বলেন, শেরপুর একটি প্রাচীন পৌরসভা। একে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের চেয়ে বেশি প্রয়োজন পর্যাপ্ত বরাদ্দ ও অর্থায়ন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল প্রমুখ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















