বগুড়া শহরের এক গহনার দোকানে এক হাজার টাকার জাল নোটের বান্ডিল দিয়ে সোনার চেইন নিয়ে পালিয়েছে এক প্রতারক। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের আনোয়ারা সুপার মার্কেটের তামান্না জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানমালিক এম এ বারী জানান, মঙ্গলবার বেলা দুইটার দিকে এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে এসে গহনা দেখতে চান। একপর্যায়ে তিনি আট আনা তিন রতি ওজনের একটি সোনার চেইন পছন্দ করেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা। চেইনটি হাতে নেওয়ার পর ওই ব্যক্তি এক হাজার টাকার নোটের একটি বান্ডিল আমার দিকে বাড়িয়ে দেন। আমি টাকা গোনার প্রস্তুতি নেওয়ার সময় তিনি আবার আসছি বলে টাকার বান্ডিলটি রেখে দ্রুত চেইন নিয়ে দোকান থেকে পালিয়ে যান। পরে বান্ডিলের টাকাগুলো পরীক্ষা করে দেখা যায়, তার সবই জাল। সেখানে ১ লাখ ১১ হাজার টাকা মূল্যের জাল নোট ছিল।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু বলেন, একজন প্রতারক ভুয়া নোট দিয়ে সোনার চেইনটি নিয়ে সটকে পড়েছে। অবিলম্বে এই প্রতারককে শনাক্ত করে গ্রেফতার ও খোয়া যাওয়া সোনার গহনা উদ্ধারের দাবি জানাচ্ছি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও আনুষঙ্গিক তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























