বগুড়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে অভিযুক্ত রাহুল (২২) পলাতক রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে বগুড়া মহানগরের নারুলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রাহুলের দাদার বাড়িতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত রাহুল পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তার দাদি রহিমা বেগম বেলি (৬৫) ও দাদা লুৎফর রহমান লুদুকে (৭০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা তহমিনা আক্তার লিলি অভিযোগ করে বলেন, ঘটনার বিচার চাইতে গেলে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন সময় আমাদের ভয়ভীতি দেখানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলরের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানান এই বাসিন্দা।
ভুক্তভোগী শিশুটির বাবা জানান, গত ১৬ অক্টোবর তার দুটি এবং শিশুটির দাদির দুটি মুঠোফোনসহ মোট চারটি ফোন চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। এরপর থেকে রাহুল ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানালে পুলিশ উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।
তিনি আরও বলেন, শনিবার বিকেলে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাহুলের দাদার বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করা হয়। এরপর তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমার মেয়ের সঙ্গে নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে মুঠোফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পাওয়া যায়। পরে নারুলী পুলিশ ফাড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। তারা নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশের হেফাজতে নিয়ে আসেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 














