বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে অবস্থিত কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টার থেকে এক ভুয়া এমবিবিএস চিকিৎসককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে আটক ও সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে মো. আব্দুল করিম নামের এক ব্যক্তিকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করতে দেখা যায়। প্রয়োজনীয় নিবন্ধন ও আইনগত অনুমোদন ব্যতিত এলোপ্যাথিক চিকিৎসা প্রদান এবং চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন। প্রসিকিউশন প্রদান করেন, বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। বগুড়া জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 















