কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক ছিল, যা পরবর্তী সময়ে সঠিক বলে প্রমাণিত হয়েছে। গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পলাতক, পতিত ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের দু-একটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে এসব কর্মকাণ্ড করে কোনো লাভ হবে না।
বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। তাই আগের সরকারের মতো গুম, খুন কিংবা গুলি চালিয়ে কাউকে নির্মূল করতে চায় না সরকার। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করা হবে।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম বলেন, শহিদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া রংপুর নগরীর উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৮০০ কোটি টাকা। এলজিইডি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের উন্নয়নে নতুন কর্মসূচি নেওয়া হলে সেগুলোও অনুমোদন দেওয়া হবে।
তিনি জানান, রংপুর অঞ্চলের জেলাগুলোর জন্য প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধু রংপুর জেলার উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ৫০০ কোটি টাকা। এছাড়া গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জন্য পৃথক উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ এবং জেলা পরিষদের প্রশাসক সাফফুল ইসলাম।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 











