এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মাইশা খাতুন নামের ৪ বছরের এক শিশু দগ্ধ হয়েছে। পরে শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী)) বিকেল ৩ টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতি জাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুবনগাঁতি জাঙ্গালপাড়া এলাকার মৃত হালিম উদ্দিনের ছেলে মোন্নাফ হোসেন পেশায় একজন সিএনজি চালক। প্রতিদিনের মত শুক্রবার ভোরে তিনি বাড়ি থেকে সিএনজি নিয়ে কাজে বের হয়ে যান। দুপুরে তার স্ত্রী ৪ বছরের শিশু মাইশা খাতুনকে ঘরে ঘুম পাড়িয়ে বাহিরে কাজে যান। কিছুক্ষণ পর প্রতিবেশীরা মোন্নাফ হোসেনের বাড়ি থেকে ধোঁয়া উড়তে দেখে এগিয়ে গিয়ে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। পরে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় থাকা শিশুটিকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে শিশুটির মাথা আগুনে পুড়ে দগ্ধ হয়। এসময় শিশুটিকে উদ্ধার করতে গিয়ে মোন্নাফ হোসেনের মেয়ে জামাই সুমন হোসেনও আগুনে দগ্ধ হয়েছেন। পরে তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিস টিমকে খবর দেন এবং যে যার মত আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিস টিম আসার আগেই প্রায় ১ ঘন্টার চেষ্টায় তারা আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ায় বসতঘরটির আসবাবপত্র ও মালামালসহ যাবতীয় পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে চৌকিবাড়ি ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পুটুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে আমি অবগত আছি। যথাসাধ্য ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাশে থাকবো।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























