বগুড়ার ধুনট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম (৪৬) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আব্দুল হালিম ধুনট উপজেলার মাটিকোঁড়া গ্রামের মরহুম জাহান বক্স মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং উপজেলা যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর পূর্বাচল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে বাড়ি ফিরে শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার আগে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে ধুনট সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বাদ যোহর নিজ গ্রাম মাটিকোঁড়া ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























