শেরপুর নিউজ ডেস্ক:
ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার (শেখ হাসিনা) দল আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে কিনা, এ বিষয়টি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন।
মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনে দলটি থাকবে কিনা, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে ইসি
আমরা (অন্তর্বর্তী সরকার) এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে
প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। তবে সবাই (বিদেশি রাষ্ট্র) এখন শুধু খাবার ও অন্যান্য সহায়তা নিয়েই ব্যস্ত, কিন্তু এদের (রোহিঙ্গা) নিজ দেশে (মায়ানমার) কীভাবে ফেরত পাঠানো যাবে, সে বিষয়ে কেউ (বিদেশি রাষ্ট্র) আলাপ করছে না
এক সময় আন্তর্জাতিক সম্প্রদায় আশ্বাস দিয়েছিল, তারা (বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের) দেখভাল করবে, তারা তাদের নিজেদের দেশে নেবে। এমনকি কোন দেশ কতজন নেবে, সেই সংখ্যাও ভাগ করা হয়েছিল
যুক্তরাজ্য সফরে গত ১২ জুন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড নিয়েছেন। অন্তর্বর্তী সরকারপ্রধান এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনি বৈদ্যনাথনকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে এসব কথা উঠে এসেছে।
বিবিসির সঙ্গে ইংরেজিতে দেয়া প্রধান উপদেষ্টার সেই সাক্ষাৎকারের কিছু অংশ শনিবার,(২১ জুন ২০২৫) বাংলায় অনুবাদ করে অনলাইনে তুলে ধরেছে বিবিসি বাংলা যাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, শেখ হাসিনার বিচার, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় উঠে এসেছে।
একই সাক্ষাৎকারের অপর কিছু অংশ ব্রিটিশ এই গণমাধ্যমটি সপ্তাহখানেক আগে তাদের অনলাইনে প্রকাশ করেছিল, যাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার মুহাম্মদ ইউনূসকে সাক্ষাৎ না দেয়া; যুক্তরাজ্যের সাহায্য কমে যাওয়া এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুদকের অভিযোগের প্রসঙ্গ প্রশ্ন এবং জবাব ছিল। চার দিনের যুক্তরাজ্য সফর শেষে গত ১৪ জুন সকালে দেশে ফিরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার বিবিসি বাংলায় প্রকাশিত সাক্ষাৎকারের দ্বিতীয় দফা
বিবিসি: আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আপনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেতা।
আপনি বলেছেন, এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয়। কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে, আপনি আওয়ামী লীগকে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না। কেন?
মুহাম্মদ ইউনূস: আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা; সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে, ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক।
বিবিসি: দেশের অনেক মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে।
মুহাম্মদ ইউনূস: তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা।
বিবিসি: তারা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না।
মুহাম্মদ ইউনূস: যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেয়ার স্বাধীনতা আছে।
বিবিসি: কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়।
মুহাম্মদ ইউনূস: আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি।
বিবিসি: তাহলে আপনি বলছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে…
মুহাম্মদ ইউনূস: না, আগে একটা বিষয় পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিবিসি: যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত?
মুহাম্মদ ইউনূস: সাময়িকভাবে। নির্বাচনে তারা থাকবে কিনা, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
বিবিসি: তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে?
মুহাম্মদ ইউনূস: আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়।
বিবিসি: আচ্ছা, যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আপনি দায়িত্ব নিয়েছেন। তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তো আপনি তাকে ফেরত আনতে চান, তাই না? তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান?
মুহাম্মদ ইউনূস: বিচার ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, এটা চলমান একটা প্রক্রিয়া। পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হোন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায়, সেটাই করব। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া।
বিবিসি: কীভাবে তাকে ফিরিয়ে আনবেন? মানে, আপনার তো মোদির সঙ্গে অনেক দেখা হয়।
মুহাম্মদ ইউনূস: আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে। তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই।
বিবিসি: কিন্তু আপনি যেসব অভিযোগ করেছেন, শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, তার সহযোগীদের বিরুদ্ধেও, যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতিসহ আরও অনেক অভিযোগ আছে এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেয়ায় আপনি কি মোদির ওপর বিরক্ত নন?
মুহাম্মদ ইউনূস: তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর, তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশে ভাষণ দেন, মিডিয়ার মাধ্যমে প্রচার করেন।
বিবিসি: তাহলে আপনি মনে করেন ভারতকে আরও কিছু করা উচিত, যেন তিনি এই ভাষণগুলো না দিতে পারেন?
মুহাম্মদ ইউনূস: সেটা আপনি বলছেন।
বিবিসি: অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন?
মুহাম্মদ ইউনূস: এটা বলা লজ্জাজনক হবে। আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন, তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না, বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না। আপনি বোঝেন না আওয়ামী লীগ কী, আর অন্তর্বর্তী সরকার কী।
বিবিসি: এগুলো আমার কথা নয়, অনেকে বলছে।
মুহাম্মদ ইউনূস: ঠিক আছে, কেউ বলেছে, কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন। তাই আমি বলছি এটা একদম ঠিক নয়।
বিবিসি: রোহিঙ্গা শরণার্থী সংকটের বিষয়টি বিশ্ব অনেকটাই ভুলে গেছে। আমি কক্সবাজারের ক্যাম্পে গিয়েছি, নিজের চোখে দেখেছি তাদের কোনো স্বাধীনতা নেই। তারা খাবারের জন্য লড়াই করছে, অনবরত খাদ্য সহায়তা কমানো হচ্ছে, আর শিশুদের জন্য ভালো মানের শিক্ষাব্যবস্থা নেই। এটা আপনার দোরগোড়ায় থাকা একটি সংকট আপনি তাদের সাহায্যের জন্য কেন আরও বেশি কিছু করছেন না?
মুহাম্মদ ইউনূস: আমরা? আমরা নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করছি। এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।
বিবিসি: কিন্তু এটা তো বাংলাদেশে ঘটছে, আর আপনি তো একজন নোবেল বিজয়ী সব সময় দুর্বলদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন।
মুহাম্মদ ইউনূস: অবশ্যই।
বিবিসি: তাই প্রশ্ন হচ্ছে, আপনি আরও বেশি কিছু কেন করছেন না?
মুহাম্মদ ইউনূস: আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এক লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে দেখা করেছি, কী করা উচিত সে বিষয়ে আলোচনা করেছি এবং এদের ফেরার জন্য সহায়তা চেয়ে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছি। সেক্ষেত্রে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। সবাই এখন শুধু খাবার ও অন্যান্য সহায়তা নিয়েই ব্যস্ত, কিন্তু এদের নিজ দেশে কীভাবে ফেরত পাঠানো যাবে, সে বিষয়ে কেউ আলাপ করছে না।
বিবিসি: কিন্তু প্রফেসর ইউনূস বর্তমান পরিস্থিতিতে সেটাও তো বাস্তবসম্মত নয়। আমি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়ে দিয়েছে মায়ানমারের সামরিক সরকারের কারণে তারা ফিরে যেতে ভয় পাচ্ছে। তাহলে আপনারা কেন রোহিঙ্গাদের বাংলাদেশে একীভূত করার চেষ্টা করছেন না?
মুহাম্মদ ইউনূস: সেটা কোনো সমাধান হবে না।
বিবিসি: কেন হবে না?
মুহাম্মদ ইউনূস: ক্যাম্পের আশপাশে থাকা মানুষ রোহিঙ্গাদের প্রতি বিরূপ। কারণ তারা দেখছে আন্তর্জাতিক সাহায্য কেবল রোহিঙ্গাদের জন্য আসছে, আর রোহিঙ্গারা যেন সহজেই বেঁচে আছে, যেখানে বাইরের লোকদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে।
বিবিসি: কিন্তু আপনি তো নিজের চোখে দেখেছেন পরিস্থিতি কতটা ভয়াবহ।
মুহাম্মদ ইউনূস: বাংলাদেশের নীতিই হলো, তাদের ক্যাম্পের বাইরে স্থায়ী হতে না দেয়া। আমাদের নিজেদেরই অনেক সমস্যা আছে। আমরা নতুন আরেকটা জনগোষ্ঠীর বোঝা বইতে পারব না।
বিবিসি: তারা কষ্ট করা সত্ত্বেও?
মুহাম্মদ ইউনূস: হ্যাঁ, সে কারণেই আমরা তাদের জায়গা দিয়েছি। আমরা তো বলিনি যে তোমরা আসতে পারবে না। আমরা তো সীমান্ত আটকে দেইনি। আমরা তাদের গ্রহণ করেছি। তখন আন্তর্জাতিক সম্প্রদায় আশ্বাস দিয়েছিল, তারা দেখভাল করবে, তারা তাদের নিজেদের দেশে নেবে। এমনকি কোন দেশ কতজন নেবে, সেই সংখ্যাও ভাগ করা হয়েছিল।



Users Today : 85
Users Yesterday : 133
Users Last 7 days : 907
Users Last 30 days : 4960
Users This Month : 347
Users This Year : 13834
Total Users : 535154
Views Today : 146
Views Yesterday : 191
Views Last 7 days : 1453
Views Last 30 days : 7572
Views This Month : 537
Views This Year : 22420
Total views : 812535
Who's Online : 1