এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের চিকাশী উত্তর পাড়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় মেলা শুরু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে গ্রামবাসীর উদ্যোগে তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চিকাশী উওর পাড়া গ্রামের মেলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এতে বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৪০ জন দক্ষ ঘোড়সওয়ার অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতা দেখতে আশপাশের গ্রামসহ দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে গ্রামটিতে ঐতিহ্যবাহীভাবে ঘোড়া দৌড় মেলার আয়োজন করা হয়ে আসছে। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে এসব ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতেই প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। মেলাকে ঘিরে বিভিন্ন ধরনের দোকানপাট বসায় এলাকায় প্রাণচাঞ্চল্য বেড়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও মেলার সভাপতি মানিক মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন মেলার পরিচালক বদিউজ্জামান তমাল, টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট কলেজের অধ্যক্ষ আয়নাল হক, সাবেক ইউপি সদস্য হাসেন আলী, প্রভাষক তোজাম্মেল হক, সমাজসেবক আব্দুর রাজ্জাক, মাসুদ করিম, ইঞ্জিনিয়ার মাফুজার রহমান, আরিফুল ইসলাম রাসেল, শ্রী সজিব কুমার সরকার ও লোকমান হোসেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























