এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে বাঙ্গালী নদী ও বালুয়া খালের ভয়াবহ ভাঙ্গনে ফসলি জমি, বসতবাড়ি ও বাস্তভিটা বিলীন হওয়ার হুমকিতে পড়েছে শতাধিক পরিবার। নদীভাঙ্গন থেকে রক্ষা পেতে শুক্রবার সকালে ভাঙ্গনকবলিত সংযোগস্থলে মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নিমগাছি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল বাছেদ, মো. আব্দুর রউফ, মো. আইয়ুব আলী ও মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
বক্তারা জানান, নাংলু গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বালুয়া খাল ও বাঙ্গালী নদীর সংযোগস্থলে অস্বাভাবিক ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে ধান ও মরিচের আবাদি জমি, বসতভিটাসহ বিপুল পরিমাণ জমি নদীতে বিলীন হয়ে গেছে। এলাকার প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার ভাঙ্গনের চরম ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে জাহিদুলের জমি থেকে প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে তলিয়ে গেছে।
গ্রামবাসীরা জানান, ভাঙ্গনরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নিকট আবেদন করেছেন। তাদের দাবি, নদীভাঙ্গনে ইতিমধ্যেই প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও ১০০ থেকে ১৫০ বিঘা জমি সম্পূর্ণ ঝুঁকির মুখে পড়বে।
বক্তারা নাংলু গ্রামকে রক্ষা করতে ভাঙ্গনকবলিত স্থানে তীর সংরক্ষণে ব্লক, জিও ব্যাগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























