বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৬০ জনের নাম উল্লেখসহ আরো ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) রাতে ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে এ মামলা করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র এ জি এম বাদশাহ এবং এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলাল।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলতে থাকে। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয় লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রল বোমা নিক্ষেপ করে। ওই বোমাটি বিএনপির কার্যলয়ের সামনের রাস্তায় বিস্ফোরিত হয়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে। এ মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
















