প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলীতে স্তন ক্যান্সার সচেতনতা, স্বাস্থ্য পরীক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (এসজেডএমসি) এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে আয়োজিত এ কর্মসূচিতে ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।
প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে নারী শিক্ষার্থীদের স্তন ক্যান্সার স্ক্রিনিং, সচেতনতামূলক আলোচনা, চিকিৎসকদের সঙ্গে প্রশ্নোত্তর এবং বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
পরে স্তন ক্যান্সারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব নিয়ে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা করেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের আবাসিক সার্জন ডা. শরীফ সুলতান মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মনোয়ারুল কাদির বিটু বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্তন ক্যান্সার বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ জন্য নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে।
তিনি আরো বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিশ্রম, পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
















