বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় শেরপুর মহিলা কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জানে আলম খোকা।
সভাপতির বক্তব্যে ভিপি শহিদুল ইসলাম বলেন, আসছে ৭ নভেম্বর বাঙালী জাতির মুক্তির দিন, সেই সময় বিপ্লব ও সংহতির কারনে তলাবিহীন ঝুরি থেকে দেশকে সমৃদ্ধির পথে নিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগামী ৭ নভেম্বর বগুড়ায় জেলা পর্যায়ে র্যালির পরের দিন ৮ নভেম্বর বিকাল ৩ টার সময় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ পিয়ার হোসেন পিয়ার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউছার আলী কলিন্স, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি এবং পৌর মহিলা দলের আহ্বায়ক শাহনাজ পারভীন। এ ছাড়া সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক প্রস্তুতি জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 










