বগুড়ার শেরপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শেরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা।
ভিপি শহিদুল ইসলাম বাবলু তাঁর বক্তব্যে বলেন, “৭১-এর মহান মুক্তিযুদ্ধের মতো ২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাসও চিরস্মরণীয়। বিগত ১৭ বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলনকারী মানুষদের নম্রতাকে কেউ যেন দুর্বলতা না ভাবে। জুলাই সনদের নাম ভাঙিয়ে কোনো রাজনৈতিক চক্রান্ত বরদাশত করা হবে না।” এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি আরও সতর্ক করে বলেন, “আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ও গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলে বরদাশত করা হবে না। পরবর্তীতে উত্তরবঙ্গে বা বগুড়া জেলায় পাটোয়ারী এলে রাজপথে ব্যারিকেড দিয়ে তাঁকে প্রতিহত করা হবে।”
শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু , সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, আশরাফ উদ্দিন ভোলা, বিএনপি নেতা হেলালুজ্জামান হেলাল, মাহবুবুল আলম হিরু, জিএম মোস্তফা, মোয়াজ্জেম হোসেন, জাহিদুর ইসলাম টুলু, মোস্তাফিজুর রহমান নিলু, বদিউজ্জামান বদি, কায়কোবাদ, আব্দুল ওহাব প্রমুখ।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, সোবাইদুল ইসলাম, সজিব এবং স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুল আসিফ শাওনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন শেরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রুহুল আমিন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























