বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সভার কার্যবিবরণী (রেজ্যুলেশন) চূড়ান্ত হলে এ সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আগামী সপ্তাহে এ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদীয় স্থায়ী কমিটির সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, গত ৮ নভেম্বর অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ করা হয়। তবে সভার কার্যবিবরণী এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহে তা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।
সুপারিশ পাওয়ার পর বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব এবং এনটিআরসিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে। এরপর নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সংসদীয় কমিটির সুপারিশ শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় এ বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে, তা স্থায়ী কমিটির পরবর্তী সভায় জানতে চাওয়া হবে।
এদিকে, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
গত ৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা এ দাবি জানান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















