জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মুহমুদ টুকু প্রধানমন্ত্রী তারেক রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী এবং ন্যাশনাল লিডার উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ডিসিপ্লিন প্রতিষ্ঠা করেছেন- যা ৯০ এর পরে কেউ করেনি।
তিনি সরকারের প্রত্যেক কর্চারী, সচিব ও মন্ত্রীদের সকাল ৯টার মধ্যে সচিবালয়ে উপস্থিতি নিশ্চিত করেছেন-এটা সবচেয়ে বড় অর্জন। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে মাত্র ৪ বছরে বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছিলেন ঠিক সেইভাবে তারেক রহমান বাংলাদেশকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি আমাদের ন্যাশনাল লিডার।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন। স্থানীয় পাঁচ তারকা হোটেল মম-ইন’এ অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার সভাপতি প্রবীণ চিকিৎসক সিএম ইদ্রিসের সভাপতিত্বে সেমিনারে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা এবং সিরাজগঞ্জ জেলার সরকার এবং বিরোধী দলীয় সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপি’র অন্যতম নীতিনির্ধারক জ্বালানী ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ইতিহাসকে সবচেয়ে বিকৃত করে আওয়ামী লীগ। তারা ইতিহাসকে নিজেদের মত করে তৈরি করে। যখনই ক্ষমতায় আসে তখন পারলে সবকিছু নিজেদের নামে করে ফেলে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দুর্নীতি নেই, অর্থপাচার নেই, উন্নয়ন কেন হচ্ছে-এটাই এখন কিছু মানুষের কাছে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চলের এই পাঁচটি জেলা দীর্ঘ ২০ বছর অবহেলার শিকার ছিল। এসব জেলার উন্নয়নে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের কাঙ্খিত সব উন্নয়নের চাহিদা পূরণ করা হবে।
তবে তা ঢাকঢোল পিটিয়ে নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো দেশের সুষম উন্নয়ন করতে বদ্ধ পরিকর। তিনি এ অঞ্চলের উন্নয়নের জন্য মুখপাত্র হিসাবে কাজ করার জন্য প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকুকে অনুরোধ জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুষম উন্নয়ন করতে চায়।
সেমিনারে আরও বক্তব্য রাখেন- বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হক, বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন বগুড়া ইতিহাস চর্চা ও গবেষনা কল্যাণ সংস্থার উপদেষ্টা ডা. মুশিহুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ওই সংস্থার সদস্য এবং বগুড়া সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়া ইতিহাস চর্চা ও গবেষনা কল্যাণ সংস্থার সদস্য ও সেমিনার আয়োজক কমিটির আহবায়ক ডা. মতিউর রহমান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























