বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের আট দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপ্তি হয়েছে বর্ণাঢ্য উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পৌর শহরের গোসাইপাড়া মহল্লায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এ উৎসবে কয়েক হাজার ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
দুপুর ১২টায় উল্টো রথযাত্রার উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। উদ্বোধনের পর পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথ টেনে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন ভক্তরা। শোভাযাত্রায় শেরপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু অংশ নেন।
উল্টো রথযাত্রাকে ঘিরে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। মন্দিরসংলগ্ন এলাকা এবং শেরপুর সরকারি ডি.জে. মডেল হাইস্কুল মাঠে বসা ঐতিহ্যবাহী মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নানা ধরনের দোকান, খেলনা, মিষ্টি ও গ্রামীণ পণ্যের পসরা মেলাকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে একটি উন্নত জাতি গঠনে কাজ করছেন। শেরপুরও এর ব্যতিক্রম নয়। জন্মগতভাবে মানুষের ধর্মীয় পরিচয়ে ভিন্নতা থাকলেও সবাই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। তাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালনের মাধ্যমে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে এবং সমাজের সব ধরনের অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ময়নুদ্দিন, শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সমীর কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুণ্ডুসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























