বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘড়িয়া বাজার এলাকায় মাদক বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছেন বিএনপি নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা। আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন।
শনিবার (২০ জুন) বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—জসিম (৬০), তার স্ত্রী জোসনা (৪৮) এবং তাদের ছেলে কষ্ট (৩০)। পলাতক ব্যক্তির নাম জীবন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। প্রায় ১০ দিন আগে স্থানীয়রা তাদের মাদক কার্যক্রম বন্ধ করতে সতর্ক করেন। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে তারা ব্যবসা চালিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার রাতে এলাকাবাসী তাদের বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে আপত্তি জানান। রাতে কয়েকজন যুবক ওই পরিবারের কাছ থেকে মাদক সেবন করে মাতাল অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যা পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
শনিবার অভিযুক্তদের বাড়িতে গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা একজন নারী নেত্রীকে ধাক্কা দেন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ও বিএনপি কর্মীরা চারজনকে আটক করেন। তবে জীবন নামে একজন পালিয়ে যায়।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ ও পৌর মহিলা বিষয়ক সম্পাদক রিচি জানান, খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান। এ সময় দেশীয় অস্ত্র, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা দাবি করেছেন, এর আগেও জসিম ও জোসনাকে মাদকসংক্রান্ত অভিযোগে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু বারবার ছাড়া পেয়ে তারা আবার মাদক ব্যবসায় ফিরে এসেছিলেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বলেন, “তিনজনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























