ঈদের রাতে বগুড়ার শেরপুরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাত আটটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের সাফলজানি ঈদগাহ মাঠ এলাকায় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮) এবং শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে তামিম হোসেন (১৮)। আবু রায়হান বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তামিম শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন মো. রাজন, মো. সিয়াম, মো. হাসান ও ছামির। তারা একে অপরের বন্ধু বলে জানা গেছে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ কম ছিল। এ সুযোগে মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চলছিল। রাত আনুমানিক আটটার দিকে ধুনট থেকে শেরপুরগামী দুটি মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোছা. দিলরুবা জানান, আবু রায়হানকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তামিম হোসেন মারা যান।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র জানান, দুর্ঘটনায় জড়িত তিনটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























