বগুড়ার শেরপুর উপজেলায় বাড়িতে কেউ না থাকার সুযোগে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির সামনে দিয়ে যাতায়াতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় বখাটে ও মাদক কারবারিরা পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে। উপজেলার কৃষ্ণপুর গ্রামে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের এবাজ উদ্দিনের ছেলে সোহেল রানা পেশায় একটি চায়না প্রজেক্টে কর্মরত। সম্প্রতি তার স্ত্রী মায়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় তাদের বসতবাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে রাতের আঁধারে সংঘবদ্ধ চোরেরা বাড়ির মূল ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে।
এরপর তারা ঘরের আলমারি ও বাক্সের তালা ভেঙে আনুমানিক ১ ভরি সোনার গহনা, রুপার গহনা, নগদ অর্থ এবং বেশ কিছু নতুন পোশাক লুট করে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরদিন ভোরে প্রতিবেশী সোহাগ হোসেন চুরির বিষয়টি প্রথম টের পান। তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে সোহেল রানাকে খবর দিলে তিনি দ্রুত বাড়িতে আসেন এবং চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, চুরির ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























