বগুড়ার শেরপুরে মাদক সেবনের অপরাধে তিন যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার বিরইল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বিরইল গ্রামের আলতাব সরকারের ছেলে মো. ফিরোজ সরকার (৩১), ছােনকা পশ্চিম পাড়া গ্রামের মো. নাসিরের ছেলে মো. রানা (২৬) এবং বিরইল গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. মিলন আহম্মেদ (২৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শেরপুর উপজেলার বিরইল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।
অভিযানকালে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই তিন যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জানায়, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























