বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে বগুড়ায় শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ মেলার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে মেলাকে ঘিরে জোর প্রস্তুতি চলছে।বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ উৎসবে বৈশাখী মেলার পাশাপাশি লোকজ সংস্কৃতির এক বিশাল সমাহার ঘটবে।আয়োজক কমিটি জানায়, আগামী ১৪ এপ্রিল সকাল ৮টায় বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্বর ও পৌর পার্কে মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ সদর আসনের নবনির্বাচিত এমপি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়া জেলায় প্রতি বছরই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এ উপলক্ষে গ্রামীণ জীবনের নানা ঐতিহ্যবাহী উপকরণ যেমন—পশুপাখি, ফুল, হাতি-ঘোড়া, মাছ, পালকি, প্যাঁচা প্রতীকসহ বিভিন্ন লোকজ উপস্থাপনা থাকবে।মেলায় ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, নৌকা, লাঠিখেলা, যাত্রাপালা, নাগরদোলা, শিশুদের বিনোদনের আয়োজনসহ নানা আয়োজন থাকবে। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হবে। তবে এবারের শোভাযাত্রায় মুখোশ ব্যবহারে কিছু বিধিনিষেধ থাকবে বলে জানা গেছে।
এছাড়া বগুড়া আর্ট কলেজের উদ্যোগে বিভিন্ন লোকজ উপকরণ তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ৫ দিনব্যাপী এ মেলায় প্রতিদিন পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ খেলা ও বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হবে।মেলায় প্রায় ৬০টি স্টলে স্থানীয় কারুশিল্পীদের তৈরি পণ্য, কৃষিপণ্য, বাঁশ, বেত, পাট ও মাটির তৈরি বিভিন্ন সামগ্রী, শোলাশিল্প, শিশুদের খেলনা এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার থাকবে। দেশের বিভিন্ন স্থান থেকে কারুশিল্পীরা এ মেলায় অংশ নিয়ে মেলাকে প্রাণবন্ত করে তুলবেন।বগুড়া সাংস্কৃতিক ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ খন্দকার জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ৫ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























