স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পৌরসভা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগের পরিকল্পনা সরকারের নেই। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত- স্থানীয় সরকারের যেসব প্রতিষ্ঠানে এডিসি, ইউএনওরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা খুব শিগগিরই নির্বাচন দিয়ে দেব। সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারাই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব করবেন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ তদারকি শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ৮ কোটি টাকার সড়ক ও ৭ কোটি টাকার ব্রিজের মূল অবকাঠামো নির্মাণ হলেও শুধু সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে পরিদর্শন এবং জনগণের ভোগান্তি দূর করতে ব্রিজটি চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন। অ্যাপ্রোচ সড়ক না হওয়া জনগণের টাকায় নির্মিত এ ব্রিজটি কাজে আসছে না। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক বাস্তবায়নের কাজ সম্পন্ন করা হবে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান, জেলা প্রশাসক আবু সালেহ মুসা প্রমুখ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















