সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : কারাগারের হেফাজতে চিকিৎসাধীন বগুড়ার সারিয়াকান্দির শাহনূর আলম শান্ত (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সহসভাপতি। শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামাণিকের ছেলে।
পরিবার এবং মামলার সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি শান্ত বগুড়া নারুলী কৃষি ফার্ম এলাকায় সদর থানার পুলিশের হাতে গ্রেফতার হন। আওয়ামী লীগের নেতা হিসেবে সেদিন রাত ১২টার পর স্থানীয় কিছু লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এরপর তাকে বগুড়া জেলা আদালতে প্রেরণ করে সদর থানার পুলিশ। সেখান থেকে শান্ত ঢাকার কেরানিগঞ্জ কারাগারে ছিলেন। ২০১৮ সালের একটি সড়ক দুর্ঘটনায় শান্ত তার ডান পা হারান এবং তার ডান হাতেও রড ঢোকানো রয়েছে। তিনি কৃত্রিম পায়ের সহায়তায় চলাচল করতেন। শান্ত হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। কয়দিন পরপরই তাকে কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হতো। সর্বশেষ অসুস্থ হয়ে শান্ত গত তিনদিন আগে কারাগারের তত্ত্বাবধানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























