বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায় শেরপুর উপজেলা সহকারি প্রধান শিক্ষক সমিতি গঠন করা হয়েছে। বুধবার (০৪ মার্চ) দুপুরে শেরপুর শহরের শেরউড ইন্টারন্যাশনাল (প্রাঃ) স্কুল এন্ড কলেজের একটি কক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এই কমিটি গঠিত হয়। উক্ত সভায় উপজেলার সকল পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান এবং শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিত সকলের সম্মতিক্রমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে বেটখৈর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. রেজাউল হক রেজাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর আলী।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এছাড়া সংগঠনের কার্যক্রমকে সুচারুভাবে পরিচালনার জন্য যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমিরুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক হিসেবে মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলাউদ্দিন আলীর নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, কমিটি গঠনের এই সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাঁদের মতামত তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং মাধ্যমিক স্তরের শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























