শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার ধুনটে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে একই পরিবারের চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিম বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।
বিচারক এএসএম তাসকিনুল হক মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করতে ধুনট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
ট্রাইব্যুনালের পিপি মোজাম্মেল হক সোমবার দুপুরে এ তথ্য দিয়েছেন।
আসামিরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চাপড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো. তুহিন (৩০), তার মা আলেফা খাতুন (৪৮), ভাই আলম মিয়া (৩৪) ও আত্মীয় ঝিনাই গ্রামের মৃত কিনা প্রামাণিকের স্ত্রী বুলবুলি খাতুন (৪০)।
বগুড়ার ধুনটের কালেরপাড়া ইউনিয়নের বাসিন্দা ও একটি ডিগ্রি কলেজের বিএ প্রথমবর্ষের ছাত্রী এজাহারে উল্লেখ করেন, আত্মীয়তার সুবাদে আসামি মো. তুহিনের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তুহিন তাকে বিয়ে না করায় পরিবার থেকে ছাত্রীকে অন্যত্র বিয়ে দেওয়া হয়; কিন্তু তুহিন খারাপ কথা বললে ওই ব্যক্তি তাকে তালাক দেন। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক অব্যাহত থাকে। গত বছরের ৭ ডিসেম্বর ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে তুহিন তাকে নিজ বাড়িতে নিয়ে যান। আসামি তুহিন রাত ১১টার দিকে ঘরে ঢুকে ওই ছাত্রীকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।
ওই ছাত্রী প্রতিবাদ করলে তুহিন তাকে বিয়ের প্রলোভন দিয়ে চুপ থাকতে বলেন। এরপরও বিয়ে না করলে ওই ছাত্রী ২২ ডিসেম্বর আসামি তুহিনের বাড়িতে অবস্থান নেন। তখন তুহিনের মা আফেলা খাতুন, ভাই আলম মিয়া ও আত্মীয় বুলবুলি খাতুন কলেজছাত্রীকে মারপিটে আহত করেন। পরে তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
এ ব্যাপারে নির্যাতনের শিকার ছাত্রী ধুনট থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেয়। বাধ্য হয়ে তিনি গত ৪ জানুয়ারি দুপুরে বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রতারক প্রেমিক তুহিন, তার ভাই, বোন ও আত্মীয়ের বিরুদ্ধে মামলা করেন।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশ হাতে পেলে মামলাটি রেকর্ড ও আসামিদের গ্রেফতার করা হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























