ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মকবুল হোসেন (৯৩) আর নেই।
বার্ধক্যজনিত রোগে বুধবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে বগুড়া মহানগরীর নারুলী মধ্যপাড়ার নিজ বাসভবনে তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, ডা. মকবুল হোসেন বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে একজন সৎ, আদর্শবান ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে জেলা পরিষদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
মেয়াদ শেষে ২০২২ সালে তিনি পুনরায় প্রশাসকের দায়িত্ব পান। পরে নির্বাচনে তিনি আবারও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। ভাষা আন্দোলনে অবদানের জন্য তিনি ভাষাসৈনিক হিসেবে পরিচিত ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে এলাকায় এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার বাদ এশা বগুড়া মহানগরীর নারুলী মধ্যপাড়া বুড়া প্রামাণিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় নারুলী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























