শেরপুর নিউজ ডেস্ক: আজ আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস। জাতিসংঘ ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর প্রথমবারের মতো গণহত্যা প্রতিরোধ ও এ-সংক্রান্ত শাস্তি প্রথা গ্রহণ করেছিল। পরে ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়।
১৯৪৮ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে আন্তর্জাতিক গণহত্যার দলিল গৃহীত হয়। গণহত্যা প্রতিরোধে সচেতনতা তৈরি, গণহত্যার শিকার ব্যক্তিদের স্মরণ ও সম্মান জানানো এবং এই বিষয়ে আন্তর্জাতিক চুক্তির গুরুত্ব তুলে ধরা ছিল এ দলিলের মূল উদ্দেশ্য। এটি জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়া প্রথম মানবাধিকার চুক্তি।
১৯৪৮ সালের ওই দলিলে জাতিসংঘ এটাই নিশ্চিত করতে চেয়েছে, যাতে কোনো গোষ্ঠী তাদের জাতীয়তা, জাতি, বর্ণ বা ধর্মের কারণে নির্মূলের ঝুঁকিতে না পড়ে। দলিলটি ১৯৫১ সালের ১২ জানুয়ারি কার্যকর হয়। পরে জাতিসংঘ সাধারণ পরিষদ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের ঘোষণার পর থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস পালন করে আসছে।
আন্তর্জাতিক এ দিবসটি পালনের পাশাপাশি ২০১৭ সাল থেকে বাংলাদেশ ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ এবং মুক্তিযুদ্ধের ৯ মাস ধরে বাংলাদেশের জনসাধারণের ওপর পাকিস্তানি সেনাবাহিনী বর্বরতম গণহত্যা পরিচালনা করে। এ কারণে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বাংলাদেশ। যদিও বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো গণহত্যার স্বীকৃতি এখনও জাতিসংঘ দেয়নি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক ও জাতিসংঘ স্বীকৃতি আদায়ে কাজ করছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ১৯৭১ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোইড স্টাডিজ বিভাগসহ বেশকিছু সংগঠন।
চলতি বছরে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘গণহত্যা একটি জঘন্য কাজ। এটি একটি ভয়াবহ অপরাধ। এটি প্রতিরোধ এবং শাস্তি প্রদান করা সব রাষ্ট্রের একান্ত কর্তব্য। আমরা গণহত্যা প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছিলাম। তবুও সেই অঙ্গীকার অনেক জায়গায় ভঙ্গ হওয়ার ঝুঁকিতে রয়েছে। হিংসাত্মক সংঘাত, জবাবদিহির অভাব এবং ক্ষেত্রবিশেষে ডিজিটাল প্রযুক্তিও ঘৃণা এবং ভুল তথ্যকে ‘প্রসারিত করে’ গণহত্যার ভূতকে মাথা তুলে দাঁড়াতে সহযোগিতা করছে। গণহত্যা প্রতিরোধ এবং শাস্তি দেওয়ার জন্য রাষ্ট্রগুলোর প্রাথমিক বাধ্যবাধকতা রয়েছে। যেসব সরকার এখনও তা করেনি, আমি
তাদের কনভেনশনে যোগদানের আহ্বান জানাচ্ছি। আমি সব সরকারকে কনভেনশনটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন এবং অপরাধীদের জবাবদিহি করার জন্য অনুরোধ করছি।’
গণহত্যা প্রতিরোধ একটি যৌথ দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আমাদের এর শিকার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সম্মান করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে মৌলিক প্রতিশ্রুতি– সকলের নিরাপত্তা, মর্যাদা এবং শান্তিতে বসবাসের অধিকারকে সমুন্নত রাখতে হবে।





Users Today : 115
Users Yesterday : 133
Users Last 7 days : 937
Users Last 30 days : 4990
Users This Month : 377
Users This Year : 13864
Total Users : 535184
Views Today : 214
Views Yesterday : 191
Views Last 7 days : 1521
Views Last 30 days : 7640
Views This Month : 605
Views This Year : 22488
Total views : 812603
Who's Online : 0