শেরপুর নিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের দেশে আসাটা তার নিজের সিদ্ধান্ত এবং তার পরিবারের। এটা (দেশে আসা) নিয়ে কিছু কিছু লোক অতি আগ্রহ প্রকাশ করছেন। তো এটা দরকার নেই। এটা তাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত তাদের।
এই বিষয়ে আলোচনা করে কোনো লাভ নেই।’
মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের আমীর খসরু বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ। সুতরাং সব মিলিয়ে তারা যেটা করবেন, সেটা তাদের পারিবারিক।
আর তিনি (তারেক রহমান) তো একটা স্টেটমেন্ট দিয়েছেন তাই না। তার দেশে ফেরার বিষয়ে কিছু জানা নেই। ও রকম কোনো কিছু আমাদের কালকের (স্থায়ী কমিটির বৈঠক) মিটিংয়েও আলোচনা হয়নি।’
বেগম খালেদা জিয়াকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট সম্পর্কে তিনি বলেন, ‘এটা ম্যাডামের দেশে, দেশের বাইরে মানুষের যে ভালোবাসা, তার প্রতি সম্মান, বাংলাদেশের রাজনীতিতে তার প্রতি দেশবাসী এবং বিশ্ববাসীর যে ভালোবাসা এবং সম্মান, এটা তারই প্রতিফলন।
তিনি বাংলাদেশের জন্য কী করেছেন, বাংলাদেশের জনগণের জন্য কী করেছেন, গণতন্ত্রের জন্য কী করেছেন, এটা আজকে সবার কাছে স্বীকৃতি। এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একজন রাজনীতিবিদের জন্য এর চেয়ে বড় কিছু পাওয়ার আর থাকে না।’
আমীর খসরু আরো বলেন, ‘বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি দল।
মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপি, বিএনপির নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ও জিয়াউর রহমান সাহেবের ওপর রয়েছে। এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে, তখনই প্রমাণ করেছে। ইনশাআল্লাহ আগামী দিনও প্রমাণ করবে।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















