Bogura Sherpur Online News Paper

রাজনীতি

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, জামায়াত আমিরের উদ্বেগ

শেরপুর নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে এই বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয়, বরং বাংলাদেশের ভাবমূর্তির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। গত এক সপ্তাহের মধ্যে রাজধানীর মিরপুর ও চট্টগ্রামের ইপিজেড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা কি নিছক দুর্ঘটনা, নাকি নাশকতা—এ প্রশ্নে আমরা সকলে উদ্বিগ্ন।

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রশাসনিক অব্যবস্থাপনা, অবহেলা ও নিরাপত্তা ঘাটতির এক সুস্পষ্ট উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এই ঘটনায় যদি কোনো গাফিলতি, অব্যবস্থাপনা বা নাশকতার উপাদান থেকে থাকে, তবে তার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য বিমানবন্দরসহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

জামায়াত আমির আতঙ্কগ্রস্ত যাত্রী ও সাধারণ মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং আমদানিকারকসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এ ঘটনায় আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেষে তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় দেশকে সকল দুর্ঘটনা, বিপর্যয় ও অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে হেফাজত করুন। আমিন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us