Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত

 

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গোলাম মোস্তফা (৩৬) নামের এক যুবককে মারপিটের পর ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গোলাম মোস্তফার বাবা নাদু মন্ডল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ভবানীপুর ইউনিয়নের স্বরো গ্রামের রাজু বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা নেন।

কিন্তু নির্ধারিত সময়ে বিদেশে পাঠাতে ব্যর্থ হলে টাকা ফেরত দিতে রাজু নানা টালবাহানা করতে থাকেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে এক সালিশ বৈঠকে রাজু জামানত হিসেবে নন জুডিশিয়াল স্ট্যাম্প ও তার স্ত্রীর নামে ডাচ্-বাংলা ব্যাংকের দুটি চেক গোলাম মোস্তফাকে প্রদান করেন। এর একটি চেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ও অন্য চেকে সাড়ে ৩ লাখ টাকা উল্লেখ ছিল।

দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পরও রাজু টাকা ফেরত না দেওয়ায় গোলাম মোস্তফা টাকা ফেরতের জন্য চাপ দেন। পরে রাজু টাকা ফেরতের কথা বলে বিদেশ থেকেই তার ভাই আজাদকে দিয়ে মোস্তফাকে ছোনকা হাইস্কুল মাঠে ডেকে নেন। গত মঙ্গলবার রাতে গোলাম মোস্তফা সেখানে পৌঁছাল কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে।

পরে তারা গোলাম মোস্তফার পকেটে থাকা সাড়ে ৩ লাখ টাকার চেক ছিঁড়ে ফেলে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us