Bogura Sherpur Online News Paper

রাজনীতি

পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতের নতুন কর্মসূচি

 

শেরপুর নিউজ ডেস্ক:

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবি আদায়ে ফের মাঠে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার (১২ অক্টোবর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, সরকার এখন পর্যন্ত তাদের পাঁচ দফা দাবি মেনে না নেওয়ায় জামায়াতের পক্ষ থেকে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।

বিবৃতি অনুযায়ী, ১৪ অক্টোবর (মঙ্গলবার) রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর এবং ১৫ অক্টোবর (বুধবার) সব জেলা শহরে মানববন্ধন হবে। ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন পয়েন্টে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকাবাসীসহ সারাদেশের জনগণ এবং জামায়াতের সব জনশক্তিকে এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান গোলাম পরওয়ার।

জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, তাদের পাঁচ দফা দাবি আদায়ে গত ১ থেকে ৯ অক্টোবর সারা দেশে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচি সফল করায় তিনি দেশবাসীকে আন্তরিক মুবারকবাদ জানান।

গোলাম পরওয়ার বলেন, ‘এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে, জামায়াতের দাবিগুলোর প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের পাঁচ দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না।’

ঘোষিত পাঁচ দফা দাবি হলো-
• জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
• আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া।
• অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
• ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
• স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us