শেরপুর নিউজ ডেস্ক: সরকারি ব্যবস্থাপনায় প্রথম জন্মনিয়ন্ত্রণ পিল (খাওয়ার বড়ি) উৎপাদন শুরু হয়েছে। রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) গোপালগঞ্জ কারখানায় গত এপ্রিল থেকে পিল তৈরি হচ্ছে। বর্তমান জনবলে দিনে গড়ে দেড় কোটি পিল উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সারাদেশে বিনামূল্যে জন্মনিরোধ পিল সরবরাহ করে সরকার। বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিনে স্বাস্থ্য মন্ত্রণালয় এ পিল সরবরাহ করে। এ জন্য বছরে প্রায় ৭০০ কোটি পিল কিনতে সরকারের খরচ হয় ৩৩ হাজার ৬০০ কোটি টাকা। নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদনের ফলে সরকারের অনেক টাকা সাশ্রয় হবে।
ইডিসিএলের গোপালগঞ্জ কারখানার মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন সমকালকে বলেন, গোপালগঞ্জ প্লান্ট প্রস্তুত করাই হয়েছে জন্মনিয়ন্ত্রণ পিল তৈরির জন্য। উন্নত প্রযুক্তিতে তৈরি পিলটি ইতোমধ্যে সব ধরনের গুণগত মানে উর্ত্তীণ হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নমুনা দেওয়া হয়েছে। ক্রয়াদেশ পেলে সরবরাহ করা হবে। ‘সুখী’ নামের পিলটি দেশের জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।
তিনি জানান, বর্তমান জনবল দিয়ে দুই ধাপে দিনে এক কোটি ৬৬ লাখ পিল উৎপাদন সম্ভব, যা বছর শেষে দাঁড়াবে ৪০৯ কোটি ১৪ লাখ। তিন ধাপে কাজ করা গেলে সরকারি চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১১ সালে একনেকে ‘গোপালগঞ্জ এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের তৃতীয় শাখা কারখানা স্থাপন’ প্রকল্প অনুমোদন হয়। বাস্তবায়ন কাজ শুরু হয় ২০১৫ সালে। গত এপ্রিলে জন্মনিয়ন্ত্রণ পিল উৎপাদনের সক্ষমতা অর্জন করে প্রতিষ্ঠানটি। এখানে শিরায় দেওয়া স্যালাইন আগে থেকেই তৈরি হচ্ছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















