Bogura Sherpur Online News Paper

রাজনীতি

আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে,যা আমরা কল্পনাও করতে পারছি না : মান্না

 

শেরপুর নিউজ ডেস্ক:

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে বলে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আগামী ৫ মাসে রাজনীতিতে আরো অনেক কিছুই ঘটবে, যা আমরা এখন কল্পনাও করতে পারছি না।’

শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আগামী জাতীয় নির্বাচনে ছাত্রসংসদ নির্বাচনের প্রভাব নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির (জাপা) মাধ্যমে নৌকা লাঙ্গলে উঠে পতিত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়।

 

তিনি বলেন, ‘ছাত্রসংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। তবে এসব নির্বাচনের ফল জাতীয় নির্বাচনের ফল বদলে দেওয়ার মতো প্রভাব ফেলবে না।’

জুলাই সনদ নিয়ে ঐকমত্যের একটা সিলভার লাইন তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি এটি বাস্তবায়িত হবে।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছোট দলগুলোর একীভূত হওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা ইতিবাচক। নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ এমন সিদ্ধান্ত নিলে আমি সেটা সমর্থন করব।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে অনিবন্ধিত দলের একজন সদস্যের অন্তর্ভুক্তি সমর্থনযোগ্য নয়।’

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যার অভিযোগে অভিযুক্ত।

তারা এখন গণধিকৃত। নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তাই বর্তমান রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমি আশা করি ডাকসু—জাকসু নির্বাচনের মতো নিঃসংকোচে ফেব্রুয়ারির নির্বাচনে দেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মানুষ উৎসবমুখরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে।’
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘ছাত্রসংসদ নির্বাচনের ফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’ শীর্ষক ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশর বিতার্কিকরা বিজয়ী হন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us