শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ি গ্রামে সুমাইয়া আক্তার (৩২) নামের এক নারীর মৃত্যু ঘিরে দেখা দিয়েছে রহস্য। গত ২৫ জুন সকালে পুকুরপাড় এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা বলে দাবি করছে নিহতের পরিবার।
স্থানীয় সূত্র জানায়, সুমাইয়ার মৃত্যু হয় কমপক্ষে দুই দিন আগে। লাশ উদ্ধারের সময় তার গেঞ্জিতে রক্তের দাগ ও হাতে জখম দেখা গেলেও সুরতহাল প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।নিহতের মা আবেদা খাতুন অভিযোগ করেন, “আমার মেয়েকে রাজু ও তার সহযোগীরা হত্যা করেছে। পুলিশ ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যা হিসেবে চালাচ্ছে।” নিহতের চাচা অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুলাল হোসেন বলেন, “আমরা থানায় মামলা করতে চাইলে নানা অজুহাত দেখিয়ে পুলিশ গ্রহণ করেনি।”
লাশ উদ্ধারের সময় উপস্থিত প্রত্যক্ষদর্শী ইমন বলেন, “আমি নিজে দেখেছি জামায় রক্তের দাগ ও হাতে আঘাত ছিল। অথচ সুরতহালে তা লেখা হয়নি। হত্যা করে পরে ঝুলিয়ে রাখা হয়েছে বলে আমার ধারণা।” ইউপি সদস্য তাজুল ইসলামও জানান, “ঘরের দরজা বাইরে থেকে আটকানো ছিল, তাই আত্মহত্যা সম্ভব নয়।”অন্যদিকে তদন্ত কর্মকর্তা এসআই রাসেল আহম্মেদ বলেন, “ময়নাতদন্তে গলায় ফাঁসের কারণে মৃত্যু বলা হয়েছে। মৃতদেহ অর্ধপচন হওয়ায় অন্য কোনো চিহ্ন স্পষ্টভাবে বোঝা যায়নি।” থানার ওসি শফিকুল ইসলাম জানান, “ঘটনা তদন্তাধীন। নিহতের পরিবার চাইলে মামলা করতে পারবে।”
স্থানীয়দের দাবি, রাজু নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সুমাইয়ার সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিলেন। তিনি বর্তমানে পলাতক। রাজুর ভাতিজা পরিচয়ে রাকিবুল নামের একজন ওই বাড়িতে যাতায়াত করতেন। তবে রাকিবুল সম্পৃক্ততা অস্বীকার করেছেন।এলাকাবাসী অভিযোগ করেছে, এর আগেও গভীর রাতে অজ্ঞাত কেউ ভাড়া বাড়িতে প্রবেশ করে আলামত নষ্ট করেছে। ফলে ঘটনাটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























