Bogura Sherpur Online News Paper

রাজনীতি

ভিপি নুরের ওপর হামলা:গণ অধিকার পরিষদের বিক্ষোভ

শেরপুর নিউজ ডেস্ক:

ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। শনিবার (৩০ আগস্ট) বিভিন্ন জেলায় এসব কর্মসূচি পালন করা হয়।
খুলনা

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের কর্মসূচিকে ঘিরে খুলনা উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে ডাকবাংলা মোড়ে গিয়ে জাতীয় পার্টি অফিসের সাইনবোর্ড ভাঙচুর করা হয়।

এ সময় গণ অধিকার পরিষদের ওপর হামলা চালায় পুলিশ ও সেখানে অবস্থানরত জাতীয় পার্টির নেতাকর্মীরা। এরপর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সেখান থেকে কিছুটা দূরে গিয়ে নগরীর ফেরিঘাট মোড়ের তিনরাস্তার মোড় ব্লক করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে নগরীর ডাকবাংলা থেকে ফেরীঘাট, ফেরিঘাট থেকে পাওয়ার হাউজ মোড় এবং ফুল মর্কেট পর্যন্ত যানবাহন চলাচলা বন্ধ হয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে ডাকবাংলাস্থ জাতীয় পার্টি অফিসের সামনে আসে।

তারা সেখানে বিশৃংখলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।
গাজীপুর

নুরুল হক নুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ, হামলাকারীদের বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ। শনিবার বিকেলে গাজীপুর জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের উদ্যোগে নগরীর চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে বর্ষা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি পাঠান আজাহার এবং সংগঠনের মহানগর শাখার সভাপতি হাজী মোবারক হোসেন সরকার।

পটুয়াখালী

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টায় বাউফল থানা সংলগ্ন গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা গণঅধিকার অধিকার পরিষদের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাকিল আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মু. রাশেদুল ইসলাম।

বরিশাল বিশ্ববিদ্যালয়

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে গেট নং ২ দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

কিশোরগঞ্জ

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শনিবার (৩০আগষ্ট) সকালে ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদ পাকুন্দিয়া শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া ডাক বাংলার সামনে থেকে একটি মিছিল বের হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে থানার মোড়ে এসে জড়ো হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের পাকুন্দিয়া উপজেলা শাখার সাবেক আহবায়ক শহিদুল ইসলাম, সাবেক সদস্য সচীব মাহমুদুল হাসান সুমন, যুব অধিকার পরিষদ পাকুন্দিয়া শাখার সভাপতি খোকা ছিদ্দিক, ছাত্র অধিকার পরিষদের পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেন, সেক্রেটারি আল মামুন প্রমুখ।

নারায়ণগঞ্জ

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে চাষাড়া শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ।

চাঁপাইনবাবগঞ্জ

ঢাকায় গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ,পথসভা ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলা শহরের শান্তিমোড়ে জুলাই বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ ও পথসভায় গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা কমিটির নেতাকর্মীরা অংশ নেন।

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us