শেরপুর নিউজ ডেস্কঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার বিকেল সোয়া পাঁচটায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আমারে দেব না ভুলিতে’ শিরোনামে এ আয়োজন করে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। আলোচক হিসেবে বক্তব্য দেন সোনাতলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সংগীত প্রশিক্ষক মো. ফজলুল রশিদ, ছড়াকার আব্দুল মমিন, কবি বখতিয়ার শামিম এবং সংগঠনের সদস্য সুমনা ইয়াসমিন সোমা প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে সংগঠনের শিল্পীরা আব্দুল মোবিন জিন্নাহর পরিচালনায় আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া মাহাবুব হাসান সোহাগের পরিকল্পনা ও পরিচালনায় দলীয় নৃত্য ও একক আবৃত্তি পরিবেশিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















