Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

চতুর্থবারের মতো আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ গিল

শেরপুর নিউজ ডেস্ক: চতুর্থবারের মতো আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ডের বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার ওয়াইন মুল্ডারকে পেছনে ফেলে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গিল।

মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে গেল মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নারীদের ক্রিকেটে সেরা হয়েছেন ইংল্যান্ডের সোপিয়া ডাঙ্কলি। সেরা হওয়ার দৌড়ে সোপিয়ার সঙ্গে ছিলেন স্বদেশি সোপিয়া একলেস্টন ও আয়ারল্যান্ডের গাবি লুইস।

জুলাই মাসে তিনটি টেস্ট খেলেছেন গিল। ইংল্যান্ড সফরে ওই তিন টেস্টের ছয় ইনিংসে একটি ডাবল ও দু’টি সেঞ্চুরিতে ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন গিল। এ সময় বেশ কিছু নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। তাই আইসিসি মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন গিল।

এই সিরিজ দিয়ে টেস্ট ফরম্যাটে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয় গিলের। চতুর্থবারের মতো মাসসেরা খেলোয়াড় হতে পেয়ে উচ্ছ্বসিত গিল। তিনি বলেন, ‘জুলাই মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হতে পেরে বেশ ভালো লাগছে। এবার এই মাসসেরা অ্যাওয়ার্ডের গুরুত্ব অনেক বেশি। কারণ অধিনায়ক হিসেবে আমার প্রথম টেস্ট সিরিজে ব্যাট হাতে ভাল পারফরমেন্সের কারণেই এই অ্যাওয়ার্ড পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘বার্মিংহামের ডাবল সেঞ্চুরি আমি চিরকাল মনে রাখবো এবং ইংল্যান্ড সফরে ঐ ইনিংসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল।’

এর আগে এ বছরের ফেব্রুয়ারি এবং ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন গিল।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us