Bogura Sherpur Online News Paper

জাতীয় খবর

জুলাই সনদের ১২ টি বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

 

শেরপুর নিউজ ডেস্ক:

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং তা আজ সোমবারের মধ্যে সব রাজনৈতিক দলকে পাঠানো হবে। তিনি জানান, দলগুলোর কাছ থেকে দ্রুত মতামত পাওয়া গেলে সেগুলো খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা অনুষ্ঠানের ১৯তম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

আলোচনার বিষয় ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন গঠনের প্রস্তাব।

আলী রীয়াজ বলেন, সনদের খসড়া নিয়ে সরাসরি সংলাপে আলোচনা হবে না। তবে যদি মৌলিক কোনো আপত্তি উঠে আসে, তখন সেটি আলোচনায় আনা হবে। রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামত খসড়ায় সন্নিবেশিত হবে। এতে একটি ভূমিকা, পটভূমি এবং প্রতিশ্রুতির অংশ থাকবে।

তিনি আরও জানান, চলমান আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে। এখন পর্যন্ত ১২ টি বিষয়ে ঐকমত্য হয়েছে, সাতটি বিষয়ের আলোচনা অসমাপ্ত রয়েছে এবং তিনটি বিষয়ে আলোচনা বাকি রয়েছে। আলোচনার শেষে একটি দিন জাতীয় সনদে স্বাক্ষরের জন্য বরাদ্দ রাখা হবে।

আজকের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল।

আলোচনা সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া প্রমুখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us