শেরপুর নিউজ ডেস্ক:
নির্বাচনকে উপেক্ষা করে দেশ চালানো সম্ভব না বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচনের কথা বলতেই হবে। আমরা নির্বাচনের দীর্ঘস্থায়ীর কথা বলতে চাই না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তার মানে চলতেই থাকবে।
জনদুর্ভোগ কমাতে আপনারা চোর, লুটপাট, দুর্নীতিবাজকে ভোট দেবেন নাকি কাকে দেবেন, সেটা আপনারাই নির্বাচন করবেন।’
বুধবার (২৮ মে) জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। গণশক্তি সভার চেয়ারম্যান সাদেক রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার, গণমুক্তি জোটের মহাসচিব মো. আকতার হোসেন, হেজবুত তওহীদের যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতি, নারী নেত্রী আয়েশা সিদ্দিকা, ওমর ফারুক ও আলাউদ্দিন কামরুল প্রমুখ।
সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের জনদুর্ভোগ আমরাই করি।
নির্বাচিত সরকারের প্রতি বিশ্বাস করতে পারি না। গণতন্ত্রে বিশ্বাস করতে হলে নির্বাচনের কথা বলতেই হবে। জনপ্রতিনিধি বাছাই প্রক্রিয়ায় আপনারাই করবেন। চোর, বাটপার, দুর্নীতিবাজকে ভোট দেবেন, নাকি কাকে দেবেন সেটা আপনারাই নির্ধারণ করবেন।
কিন্তু নির্বাচনে ভোটাধিকারের কথা না বললে সেনাবাহিনী ক্ষমতায় আসবে। দেশে সেনাবাহিনী ক্ষমতায় এসে ভালো কিছু হয়েছে? সেটা জিয়াউর রহমান, ইয়াহিয়া বা যাদের কথাই বলেন।’
তিনি আরো বলেন, ‘রাজনীতি হচ্ছে সব কিছুর নিয়ন্ত্রক এবং মানুষের প্রতিদিনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। রাজনীতিকে গুণগতভাবে উন্নত করতে হবে।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, “আমরা ‘এ’ কিংবা ‘বি’ কে বসানোর জন্য লড়াই করছি না।
আপনি যদি প্রচারণা করে (ক্যাম্পেইন) করে বোঝাতে সক্ষম হন যে, ওমুককে ভোট দিলে নানা জটিলতার সৃষ্টি হবে, তাহলে সেটি জনগণ মনে করলে ভোট দেবে না। যার কোয়ালিটি নেই, সে গায়ের জোরে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। তিনি বলেন, শোনা যাচ্ছিল ইউনূস সরকার পাঁচ বছর থাকার কথা। প্রশ্ন আসে, তিনি নির্বাচন ছাড়ায় পাঁচ বছর থাকবেন? নাকি তার কার্যক্রমের ওপর নির্ভর করবে তিনি কত দিন থাকবেন।”
তিনি আরো বলেন, ‘করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে এখন কথা হচ্ছে। করিডর কাকে দেবেন, কিভাবে দেবেন, এগুলো বলার অধিকার সবারই আছে। নোবেল পুরস্কার পেলেই তিনি ভালো মানুষ এমন না, বরং তার কাজের মাধ্যমটাও দেখতে হবে।’
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে মান্না বলেন, ‘স্থানীয় নির্বাচন হতে হবে প্রভাব ও ত্রুটিমুক্ত। এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যিনি জনদুর্ভোগ কমাতে পারেন, কিন্তু আমরা তা করতে ব্যর্থ হই। নির্বাচন বা অন্যান্য বিষয় নিয়ে যারাই আন্দোলন করছে তারা কি সবাই আওয়ামী দোসর নাকি? তিনি বলেন, আওয়ামী লীগ সবাইকে যেমন রাজাকার বলত, ঠিক একই পথে এরাও হাঁটছে। এভাবে কাউকে দোষারোপ করা যাবে না। ফ্যাসিবাদ যাতে না আসতে পারে, সেভাবে সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন করা দরকার। আপনি নির্বাচিত সরকারের কাছে কথা বলতে পারবেন, কিন্তু যাদের নির্বাচনের দরকার পড়বে না, তারা আপনার সঙ্গে দেখাই করবে না। কারণ তাদের তো ভোট লাগে না।’ এ সময় ক্ষমতা কুক্ষিগত না হয়ে বিকেন্দ্রীকরণের কথাও বলেন তিনি।
সভাপতির বক্তব্যে মো. শহিদুল ইসলাম বলেন, ‘গত ১৬ বছর সাংবাদিকরা সঠিক সংবাদ প্রচার করতে পারতেন না, রাজনৈতিক ব্যক্তিরা বাড়ি থাকতে পারতেন না। সেই ফ্যাসিস্টদের হাত থেকে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ৫ আগস্টের পর উত্তরণ করতে পেরেছি আমরা। আগামীতে ফ্যাসিবাদ যাতে না আসতে পারে, সে রকম একটা সংস্কার দরকার’ বলে মন্তব্য করেন তিনি।




Users Today : 101
Users Yesterday : 133
Users Last 7 days : 923
Users Last 30 days : 4976
Users This Month : 363
Users This Year : 13850
Total Users : 535170
Views Today : 172
Views Yesterday : 191
Views Last 7 days : 1479
Views Last 30 days : 7598
Views This Month : 563
Views This Year : 22446
Total views : 812561
Who's Online : 3