প্রতিযোগিতা করার জন্য নয়, রাজত্ব করার জন্যই জন্ম—এমন আত্মবিশ্বাসী ক্যাপশনে নিজের কয়েকটি ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ঝলমলে রুপালি-সোনালি রঙের কারুকাজ করা পোশাক, নজরকাড়া গয়না আর অভিজাত সাজে তার উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর ক্যাপশনটিও নজর কেড়েছে ভক্তদের।
ছবিতে মন্দিরাকে দেখা গেছে মুক্তা ও পাথরের সূক্ষ্ম কারুকাজে সাজানো গাউনে। পোশাকের নকশা, কাঁধের ঝুলন্ত অলংকার, কানের দুল ও হাতের গয়নায় ফুটে উঠেছে আভিজাত্য। সিঁড়ির পাশে কখনো বসে, কখনো দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। পুরো সাজে ছিল গ্ল্যামার ও আত্মবিশ্বাসের ছাপ।
তবে, শুধু ফ্যাশনেবল উপস্থিতিই নয়, ক্যাপশনের বক্তব্যও আলাদা করে নজর কেড়েছে। ‘প্রতিযোগিতা নয়, রাজত্ব’—এমন বার্তায় নিজের আত্মবিশ্বাসী অবস্থানই তুলে ধরেছেন মন্দিরা। যদিও ক্যাপশনটি দিয়ে নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করেছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 













