বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লির এক যুবককে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তবে গ্রেপ্তারের পর তাকে দিল্লি থেকে মুম্বাইয়ে নিয়ে আসার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। বিষয়টি আদালতে গড়ালে পুলিশের আবেদন খারিজ করে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দিয়েছেন বিচারক।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন সোনাক্ষী। অভিনেত্রীর অভিযোগ, দিল্লির এক ব্যক্তি এআই প্রযুক্তি ব্যবহার করে তার বিকৃত নগ্ন ছবি তৈরি করছেন এবং সেগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। একপর্যায়ে আরিয়ান দীপক জৈন নামের এক যুবককে শনাক্ত করা হয়।
শনিবার সকালে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানার কাছ থেকে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের একটি দল। পরে তাকে মুম্বাইয়ে নিয়ে গিয়ে বান্দ্রা আদালতে হাজির করা হয়। এ সময় অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় তদন্তকারী দল।
পুলিশের দাবি, সোনাক্ষীর বিকৃত ছবি তৈরিতে কোন ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তবে পুলিশের সেই আবেদন নাকচ করে দেন আদালত।
অভিযুক্তের আইনজীবীরা আদালতে দাবি করেন, গ্রেপ্তারের সময় বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি পুলিশ। গ্রেপ্তারের কারণ জানিয়ে প্রয়োজনীয় নোটিশও দেওয়া হয়নি। এমনকি দিল্লি থেকে মুম্বাইয়ে নিয়ে আসার আগে অভিযুক্তকে স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 










