খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্বল্পবাহিরদিয়া এলাকার হিরকের দোকানে বসে ছিলেন জাকির। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র এবং রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ নিয়ে গত দুই বছরে খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১১ নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার হলেন। পরপর এসব হত্যাকাণ্ডে খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 











