বগুড়ার শেরপুরে পৃথক পৃথক অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ টোকেন দেব (৭০) ও রাকিবুল হাসান রতন (৩০) নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত টোকেন পৌরশহরের বিকাল বাজার এলাকার মৃত কার্তিক দেবের ছেলে ও রতন উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কলতাপাড়া এলাকায় রামনগরগামী সড়ক থেকে টোকেনকে গ্রেফতার করে। এসময় এসআই কামরুল হাসান ও এএসআই ওমর সঙ্গীয় ফোর্স নিয়ে সন্দেহভাজন টোকেন দেবের দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করেন।
অপরদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুলিশের অপর একটি দল উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাকিবুল হাসান রতনকে আটক করে দেহ তল্লাশি করলে তার নিকট থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এরপর গ্রেফতার করে থানা নিয়ে আসা হয়। তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























