সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের নানা মন্তব্য যেন নিজের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক করেছেন ক্যাটরিনা কাইফ। সেই সঙ্গে বার্তা দিয়েছেন, ‘নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক হোন’।
তার মতে, কখনো মানুষ প্রশংসা করবে, আবার কখনো সমালোচনা। তাই অন্যের স্বীকৃতির অপেক্ষায় না থেকে নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে।
যুক্তরাজ্যে নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ক্যাটরিনা। সম্প্রতি মাতৃত্বের পর তার শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের ঘটনা সামনে আসার পর অভিনেত্রীর এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে ক্যাটরিনা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া বয়ান যেন আমাদের আত্মমূল্যবোধ ও নিজেদের সম্পর্কে ধারণাকে প্রভাবিত না করে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ, সেখানে অনেক মানুষের অনেক মতামত থাকে। সবার মতামত অনুযায়ী চলতে শুরু করলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই বাধাগ্রস্ত হয়।’
অভিনেত্রীর মতে, জীবনের প্রতিটি পর্যায়ে নিজের প্রতি মানুষের অনুভূতি এক রকম থাকে না।
কখনো নিজেকে ভালো লাগে, আবার কখনো নিজের অবস্থাকে মেনে নেওয়াও কঠিন হয়ে পড়ে। তবে এই পরিবর্তনের মধ্যেও নিজের প্রতি সৎ থাকা জরুরি। অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেকে বদলে ফেলার চাপ না নিয়ে বরং নিজের বর্তমান অবস্থাকে গ্রহণ করতে হবে।
ক্যাটরিনা বলেন, ‘কখনো পৃথিবী আপনাকে উদ্যাপন করবে, আবার কখনো নিজের সবচেয়ে বড় সমর্থক আপনাকেই হতে হবে।’
জীবনের উত্থান-পতনকে স্বাভাবিকভাবে গ্রহণ করার ওপরও জোর দিয়েছেন তিনি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























