বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে সামির নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দারোগাপাড়া গ্রামে এঘটনাটি ঘটে। নিহত সামির দারোগাপাড়ার সাইদের সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু সামির। পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় বাড়ির পাশের একটি পুকুর/ডোবায় পড়ে যায় সে। বেশ কিছু সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের জলাশয়ে সামিরকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
পরে দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুই বছরের শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দারোগাপাড়া গ্রামের পরিবেশ। পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।
শিশুটির মৃত্যুর খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা ও সমবেদনা জানান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























