বগুড়ার শেরপুরে স্যানিটারি ন্যাপকিনের বক্সে বিশেষ কায়দায় পাচারকালে ১৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আশিক ইকবাল ওরফে সাজু (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের জগন্নাথপাড়া এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশিক শেরপুর পৌরসভার জগন্নাথপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আশিককে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা একটি খাঁকি রঙের কাগজের কার্টন তল্লাশি করে দেখা যায়, স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের আড়ালে টাপাল নামীয় ১৫০০ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট লুকিয়ে রাখা হয়েছে। এসময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বাদী হয়ে শেরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার (২২ জুলাই) দুপুরে বগুড়ার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























