যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিই আংশিকভাবে সত্যি হলো। গতকাল শুক্রবার ইরানে বিমানবন্দর, ট্রেন স্টেশন ও একাধিক সেতু লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের চালানো সর্বশেষ হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন, আহত হয়েছেন ২০ জনেরও বেশি। তেহরানও পাল্টা জবাব দিয়েছে কুয়েতে এক বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রে হামলা চালিয়ে। ইরানের আক্রমণের কবলে পড়েছে ওমান, কাতার, বাহরাইন ও সিরিয়াও।
এদিকে, সাম্প্রতিক সংঘাতের জেরে আগেই যান চলাচল বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালিতে। যুক্তরাষ্ট্রের মেরিনরা সম্প্রতি সেখানে এক ট্যাঙ্কারের দখল নেয় এবং ওই প্রণালিতে আরেকটি জাহাজ হামলার শিকার হয়েছে।
গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের যুদ্ধবিরতি ভেঙে পড়ে। ওই সময় থেকেই দুপক্ষ একে অন্যকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। পরিস্থিতি এমন অবস্থায় গিয়ে ঠেকেছে, আবারও একটি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুই দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থল অভিযান চালানোর পরিকল্পনা থেকে এখনও সরে আসেননি। পাশাপাশি তিনি বড় মাপে হামলা চালানোর হুমকিও দিয়ে যাচ্ছেন।
পুরো বিষয়টি আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোতে হামলার জন্য উস্কে দিচ্ছে ইরানকে। পরিস্থিতি নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক দেশ ও মধ্যস্থতাকারীরা। তারা দুপক্ষকে সংলাপে ফেরার আহ্বানও জানিয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























